১১ জুলাই মহাকাশে যেতে পারেন রিচার্ড ব্র্যানসন

৩ জুলাই, ২০২১ ০০:৪২  
জেফ বেজোসের আগেই মহাকাশে ভ্রমণ করতে পারেন স্যার রিচার্ড ব্র্যানসন। ভার্জিন গ্যালাকটিক জানিয়েছে, আগামী ১১ জুলাই পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হবে। আর এই ফ্লাইটেই থাকতে পারেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। আগামী ২০ জুলাই জেফ বেজোসকে নিয়ে ব্লু অরিজিনের প্রথম পর্যটকবাহী ফ্লাইটের পরিকল্পনা করা হয়েছে। ফলে ১১ জুলাই ভার্জিন গ্যালাকটিকের পরিকল্পনামাফিক পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হলে জেফ বেজোসের এক সপ্তাহ আগেই মহাকাশে ভ্রমণ করবেন রিচার্ড ব্র্যানসন। ইউনিটি ২২ মিশনটি হবে ভার্জিন গ্যালাকটিকের চতুর্থ ক্রুবাহী ফ্লাইট। তবে এবারই প্রথম দুই পাইলটসহ পুরো ক্রু এবং চার মিশন বিশেষজ্ঞ কেবিনে থাকবেন। তাদের মধ্যে একজন রিচার্ড ব্র্যানসন, যিনি মহাকাশ পর্যটনে ভার্জিন গ্যালাকটিক যাত্রীদের জন্য যে সেবার পরিকল্পনা করেছে সেটির প্রথম অভিজ্ঞতা পাবেন। ১১ তারিখের ফ্লাইটটিতে মহাকাশযানের কেবিনের পরিবেশ, সিট কতোটা আরামদায়ক, ওজনহীন অভিজ্ঞতা এবং পৃথিবীকে দেখার বিষয়গুলোতে নজর দেয়া হবে। ভার্জিন গ্যালাকটিক তাদের ওয়েবসাইটে স্পেসফ্লাইটটির লাইভ সম্প্রচার করবে। একইসাথে ফেসবুক, টুইটার ও ইউটিউবেও সেটি সম্প্রচারিত হবে। যদি ফ্লাইটটি সফল হয় তাহলে শিগগিরই টিকেট বিক্রি শুরু করবে এবং আগামী বছর পেইড ফ্লাইট শুরুর আগে আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে। ডিবিটেক/বিএমটি